২০ বছরেও শেষ হয়নি ডাকাতিয়া নদীর ব্রিজের কাজ
কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত হাওরা ব্রিজের কাজ দীর্ঘ ২০ বছরেও শেষ হয়নি। ঠিকাদারের অবহেলা ও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম ইউনিয়নে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ‘হাওরা ব্রিজ’-এর কাজ দীর্ঘ ২০ বছরেও শেষ হয়নি। ফলে ব্রিজের সুফল থেকে বঞ্চিত হয়ে প্রতিদিন চরম যাতায়াত দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় হাজারও মানুষ।
স্থানীদের সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৫ জানুয়ারি তৎকালীন সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়।
তবে সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঠিকাদারের চরম অবহেলা এবং প্রশাসনিক উদাসীনতার কারণে দীর্ঘ দুই দশকেও ব্রিজের কাজ পুরোপুরি সম্পন্ন হতে পারেনি। মূল ব্রিজের কাঠামো দাঁড় করানো হলেও এর দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) তৈরি ও মাটি ভরাট করা হয়নি। ফলে উঁচু এই ব্রিজে ওঠা বা চলাচলের কোনো উপায় নেই। বর্তমানে অসমাপ্ত ব্রিজটি স্থানীয়দের ধান শুকানো এবং গবাদিপশু রাখার স্থানে পরিণত হয়েছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহ আলম জানান, "ঠিকাদার কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন। বর্তমানে ব্রিজের বাকি কাজ সম্পন্ন ও সংস্কারে নতুন করে টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে।"
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ যাতায়াত পথটি চালু করতে দ্রুততম সময়ে নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


