নালিতাবাড়ীতে প্রকাশ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন

শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

Aug 15, 2026 - 19:45
 0  5
নালিতাবাড়ীতে প্রকাশ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন
×

শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

 শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুষ্পস্তবক অর্পণের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এতে নেতৃত্ব দিতে দেখা যায় কাকরকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে। এ সময় সেখানে ১২ থেকে ১৩ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন কার্যক্রম নিষিদ্ধ থাকার পর নালিতাবাড়ীতে প্রকাশ্যে কোনো শহীদ মিনারে আওয়ামী লীগের এমন কর্মসূচি এটিই প্রথম।

এদিকে, একই দিনে উপজেলার বিভিন্ন স্থানে খণ্ড খণ্ডভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মসূচি পালনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব ভিডিওর সময়, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।