মৃতপ্রায় অসুস্থ পশু জবাই করে বিক্রির প্রস্তুতি, কসাইকে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে মৃতপ্রায় অসুস্থ পশু জবাই করে বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়

Aug 1, 2026 - 20:00
Aug 1, 2026 - 20:07
 0  4
মৃতপ্রায় অসুস্থ পশু জবাই করে বিক্রির প্রস্তুতি,  কসাইকে ২০ হাজার টাকা জরিমানা
×

মৃতপ্রায় অসুস্থ একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের একটি মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া মাংস বিক্রির অভিযোগে আরও তিনটি দোকানকে জরিমানা করা হয়।

শনিবার (১ আগস্ট) সকালে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার ও আড়াইআনী বাজারের মাংস মহলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ বাজারের লালনের মাংসের দোকানে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মৃতপ্রায় অসুস্থ একটি গরু জবাই করা হয়। পরে ওই গরুর মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বিষয়টি শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দোকানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই বাজারের বাবুলের মাংসের দোকান এবং আড়াইআনী বাজারের সাইফুলের মাংসের দোকান ও আল্লাহর দান মাংসের দোকানে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানোর দায়ে প্রতিটি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, ভেটেরিনারি সার্জন সাগর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র গভীর রাত বা ভোরে কম দামে অসুস্থ গরু কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে মাংস বিক্রি করে আসছে। এর আগে গত বছরের মে মাসেও নালিতাবাড়ীর মাংস মহলে ভোরে মৃতপ্রায় একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে 'হাফিজের মাংসের দোকানকে' ১৫ হাজার টাকা জরিমানা এবং জবাইকৃত গরুর মাংস জব্দ করেছিল প্রশাসন।