শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শুরা অধিবেশন অনুষ্ঠিত, ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা

শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শুরা অধিবেশন অনুষ্ঠিত, ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়

Aug 2, 2026 - 22:00
 0  7
শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শুরা অধিবেশন অনুষ্ঠিত, ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা
×

 ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (২ আগস্ট) শেরপুর শহরের ইনভাইট রেস্টুরেন্টে জেলা শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা এ অধিবেশনে জেলা সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি ইসমাইল হোসাইন জাফরীর সঞ্চালনায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান। তিনি ২০২৬ সেশনের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে উপস্থিত জেলা শুরা সদস্যদের মতামত, সাংগঠনিক মূল্যায়ন এবং গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে ২০২৭-২০২৮ সেশনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম পুনরায় জেলা সভাপতি এবং মুফতি ইসমাইল হোসাইন জাফরী জেলা সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

অধিবেশনে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম সমাপ্ত হয়।