ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়। ইমাম ও মুকাব্বিরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এসব জামাতে ইমামতি এবং মুকাব্বিরের (তাকবির ধ্বনি উচ্চারণকারী) দায়িত্ব পালনকারী আলেম ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই তালিকা চূড়ান্ত করার পর তা গণমাধ্যমে পাঠানো হয়েছে।
৫টি জামাতের বিস্তারিত সময়সূচি ও দায়িত্বপ্রাপ্তদের তালিকা:
প্রথম জামাত (সহাল ৭টা): ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। এই জামাতে মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
দ্বিতীয় জামাত (সকাল ৮টা): দ্বিতীয় জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত (সকাল ৯টা): এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে তাকবির দেবেন মো. রুহুল আমিন।
চতুর্থ জামাত (সকাল ১০টা): চতুর্থ জামাতের ইমাম হিসেবে থাকবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম ও সর্বশেষ জামাত (সকাল ১০টা ৪৫ মিনিট): সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।
বিকল্প ইমাম ও মুকাব্বির:
কোনো কারণে নির্ধারিত জামাতের মূল ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলামকে। একইভাবে মূল মুকাব্বিরদের অনুপস্থিতিতে বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শামসুল হক।
পবিত্র ঈদুল আজহার দিনে দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।


