তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে ১১ দলের প্রতিনিধিদের মোনাজাত

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে মোনাজাত করেছেন বাংলাদেশের ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। জানাজায় অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে তাঁরা তেহরানে রয়েছেন।

Jul 3, 2026 - 19:27
 0  5
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে ১১ দলের প্রতিনিধিদের মোনাজাত
×

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেছেন বাংলাদেশের ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজায় অংশ নিতে শুক্রবার (৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে পৌঁছানোর পর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

​জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে এই প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মো. কেরামত আলী এমপি, জনাব মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং ন্যাশনাল সিটিজেনস প্ল্যাটফর্ম (এনসিপি) নেতা জনাব নাসীরুদ্দীন পাটোয়ারী।

শুক্রবার ভোরে তেহরানে স্পিকার ও প্রতিনিধিদল:

এর আগে, ইসরায়েলি হামলায় শহীদ হওয়া আলী খামেনির জানাজায় অংশ নিতে শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরান পৌঁছান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

​বাংলাদেশ সময় আজ দুপুর পৌনে ১টায় তেহরান থেকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতারা তেহরানের বিখ্যাত গ্র্যান্ড মোসাল্লায় (মুসল্লা) সমবেত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ সেখানে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হয়েছে। সেখানে বাংলাদেশের স্পিকারসহ প্রতিনিধিদলের ১০ জন সদস্য উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য নাসীরুদ্দীন পাটোয়ারীর বরাতে নিশ্চিত করেছেন।

শনিবার জানাজা, ৯ জুলাই দাফন:

ইরানের রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, আগামীকাল শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনির মূল জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেওয়ার পর শনিবারে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে। এরপর আগামী ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।

​উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় তিনি শাহাদাতবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।