জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের হাসানা সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে এক আবেগঘন আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) যুক্তরাজ্য শাখা।
গত ২৭ জুলাই পূর্ব লন্ডনের হাসানা সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান। অনুষ্ঠানটির দক্ষ পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, বিশিষ্ট আলেম শায়খ মাওলানা শাব্বীর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা লিয়াকত হোসাইন, লন্ডন মহানগর শাখার সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, সহসাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আহবাবুর রহমানসহ আরও অনেক প্রবাসী নেতৃবৃন্দ।
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও বিচারের দাবি
আলোচনা সভায় প্রবাসী বক্তারা বলেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের মূল ভিত্তি হলো জনগণের প্রত্যাশা পূরণ করা। সেই প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটাতে ‘জুলাই সনদের’ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি। অনুষ্ঠিত গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রীয় সকল প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত কার্যকর করতে হবে।”
একই সাথে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে জুলাই গণহত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল আসামী এবং নির্দেশদাতাদের অনতিবিলম্বে কঠোর বিচারিক প্রক্রিয়ায় এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।
শহীদদের আত্মার মাগফিরাতে বিশেষ মোনাজাত
অনুষ্ঠানের শেষ অংশে জুলাই গণ-অভ্যুত্থানে অকাতরে আত্মদানকারী সকল বীর শহীদদের রুহের মাগফিরাত ও উচ্চ মাকাম কামনা এবং মারাত্মক আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে এক করুণ ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


