বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর
রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়ায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বগুড়া শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ এবং গ্যাস কমিশনিং কাজের কারণে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত শিল্প, বাণিজ্যিক, আবাসিক, সিএনজি ফিলিং স্টেশন ও ক্যাপটিভ পাওয়ারসহ সব ধরনের গ্রাহক গ্যাস সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত থাকবেন।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজ চলছে। এরই অংশ হিসেবে বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপলাইনের দুই প্রান্তে টাই-ইন ও গ্যাস কমিশনিং কার্যক্রম পরিচালনা করা হবে।
পিজিসিএল জানায়, টাই-ইন কাজটি সরাসরি বগুড়া ডিআরএসের সঙ্গে সংযুক্ত থাকায় নির্ধারিত সময়জুড়ে পুরো বগুড়া গ্যাস নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক গ্রাহকসহ সব শ্রেণির ব্যবহারকারী সাময়িকভাবে গ্যাস-সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকবেন।
এ ছাড়া বনানী মোড় ও তিনমাথা রেলগেট ছাড়াও শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, জাহাঙ্গীরনাবাদ ক্যান্টনমেন্ট, পল্লী বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিবি, জিটিসিএল এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি স্থানে টাই-ইন কাজ সম্পন্ন করা হবে।
পিজিসিএল জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম তারিকুল ইসলাম। তিনি কাজটি সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।


