শিশু নির্যাতনের প্রতিবাদে কাটনারপাড়ায় মানববন্ধন

বগুড়ার কাটনারপাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত মো. নাসিম প্রামাণিকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাটনারপাড়া যুব কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Jul 10, 2026 - 14:48
 0  4
শিশু নির্যাতনের প্রতিবাদে কাটনারপাড়ায় মানববন্ধন
×

বগুড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত মো. নাসিম প্রামাণিকের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ জুলাই (শুক্রবার) সকাল ১১টায় বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় কাটনারপাড়া যুব কমান্ড, বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু নির্যাতন ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। চার বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
এ সময় উপস্থিত অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।