বগুড়ায় ইসলামী যুব আন্দোলনের মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করতোয়া নদীতে মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক্ব আজাদ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করতোয়া নদীতে মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বগুড়া শহরের এসপি ব্রিজ সংলগ্ন করতোয়া নদীতে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক্ব আজাদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মৎস্যসম্পদ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী ও জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণ জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণমূলক প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। তাই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি আ. ন. ম. মামুনুর রশীদ, সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি সোহেল রানা।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে করতোয়া নদীতে বিপুল পরিমাণ মৎস্যপোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


