মূল্যবৃদ্ধি ও লোডশেডিং বন্ধের দাবিতে বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে বগুড়ার সাতমাথায় মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জেলা শাখা।

Aug 15, 2026 - 14:22
 0  2
মূল্যবৃদ্ধি ও লোডশেডিং বন্ধের দাবিতে বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
×

তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জেলা শাখা।

শনিবার (১৫ আগস্ট) বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। এর ওপর নিয়মিত লোডশেডিং শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এনসিপি সমর্থিত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য ও বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজমীর হাসান।

এ সময় বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সদস্য সচিব মো. সৈকত আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজমীর হাসান, দুপচাঁচিয়া উপজেলা আহ্বায়ক নাফি, আদমদীঘি উপজেলা আহ্বায়ক আল ফাহাদ, জেলা যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের করিম রিহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং লোডশেডিংয়ের স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

মানববন্ধন থেকে তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ভয়াবহ লোডশেডিং বন্ধ এবং জনবান্ধব ও কার্যকর বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানানো হয়।