বগুড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় সোচ্চার ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, বগুড়া জেলা শাখা

বগুড়া মহানগরের উত্তর কাটনারপাড়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, বগুড়া জেলা শাখা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

Jul 10, 2026 - 00:31
Jul 10, 2026 - 00:32
 0  3
বগুড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় সোচ্চার ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, বগুড়া জেলা শাখা
×

বগুড়া মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাটনারপাড়া (হটুমিয়া লেন) এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, বগুড়া জেলা শাখা।

বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ ও নিন্দা বিবৃতিতে সংগঠনটি জানায়, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সমাজ ও মানবতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত মো. নাসিম পরামানিক বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ভবিষ্যতে বগুড়া শহরে এ ধরনের জঘন্য ঘটনা প্রতিরোধে কার্যকর নজরদারি বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওবাইদুর রহমান এবং সদস্য সচিব সোহরাজ রনা স্বাক্ষরিত এ বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।