বগুড়ায় জলাবদ্ধতা নিরসনে মাঠে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন
টানা ও অতিরিক্ত বৃষ্টিতে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমে ড্রেন পরিষ্কার ও দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ দিয়েছেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
টানা ও অতিরিক্ত বৃষ্টিতে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীর চলাচলে দুর্ভোগ দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
বুধবার জলাবদ্ধতা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে কোথায় কী কারণে পানি জমছে তা চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নাগরিকদের দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। জলাবদ্ধতা দ্রুত নিরসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পানি নিষ্কাশন স্বাভাবিক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।
সিটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলেও নগরবাসীর ভোগান্তি কমাতে জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার, পানি প্রবাহে বাধা অপসারণ এবং জলাবদ্ধ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।


