চরমোনাই মাহফিলের ২য় দিন: বাদ ফজর পীর সাহেব চরমোনাইয়ের বয়ানের মাধ্যমে শুরু
বরিশালের চরমোনাইয়ে শুরু হওয়া বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে বাদ ফজর থেকে বয়ান শুরু করেছেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে তিনি নসিহত পেশ করছেন।
ঐতিহাসিক চরমোনাইয়ের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের কার্যক্রম অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে শুরু হয়েছে। আজ বাদ ফজর মাহফিলের প্রথম অধিবেশনে বয়ান শুরু করেন আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
মাহফিল সূত্র জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ মাহফিল ময়দান। ফজরের নামাজের পর থেকেই জিকির ও তাসবিহ পাঠের মাধ্যমে শুরু হয় মূল বয়ান। পীর সাহেব চরমোনাই তার বয়ানে আত্মশুদ্ধি, দুনিয়াবিমুখতা এবং ইসলামের সঠিক পথে চলার ওপর গুরুত্বারোপ করছেন।
বিশেষ করে বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একজন মুমিনের দায়িত্ব ও করণীয় কী হওয়া উচিত, সে বিষয়ে তিনি কুরআন ও সুন্নাহর আলোকে দিকনির্দেশনা দিচ্ছেন। চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীরা মাহফিল ময়দানে সমবেত হয়েছেন।
উল্লেখ্য যে, মাহফিলের নিরাপত্তায় ও শৃঙ্খলা রক্ষায় হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। মাহফিল সূত্র আরো জানায়, আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে জাতীয় ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ। যেখানে দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও সুধীবৃন্দ বক্তব্য রাখবেন।


