বাংলাদে‌শি রোগীদের কম খরচে ক্যানসারের চিকিৎসা দেবে চীন

সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে বাংলাদেশি ক্যানসার রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জেসিআই সনদপ্রাপ্ত চীনের গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতাল।

Jun 19, 2026 - 07:35
 0  6
বাংলাদে‌শি রোগীদের কম খরচে ক্যানসারের চিকিৎসা দেবে চীন
×

বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কম খরচে ও সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক উন্নত চিকিৎসাসেবা দেওয়ার দাবি করেছে চীনের বিশ্বখ্যাত ‘গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতাল’। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, দিন দিন বাংলাদেশিদের আস্থা বাড়ায় বর্তমানে প্রতি মাসে গড়ে অন্তত ৩০ জন বাংলাদেশি জটিল ক্যানসার রোগী উন্নত চিকিৎসা নিতে চীনে যাচ্ছেন।

​গত বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর গুলশানে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) যৌথভাবে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই তথ্য জানান হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং।

​অনুষ্ঠানে হাসপাতালটির অনকোলজি বিশেষজ্ঞ উ উই এবং বিএইচআরএফের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভসহ স্বাস্থ্য খাতের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

দুই দশকের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি:

আলোচনা সভায় হি ল্যাংবিং বলেন, “বিদেশি রোগীদের আন্তর্জাতিক মানের ক্যানসার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতালের দুই দশকেরও বেশি সময়ের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। হাসপাতালটি বৈশ্বিক মান নিয়ন্ত্রণ সংস্থা ‘জেসিআই’ (JCI) এর মর্যাদাপূর্ণ সনদপ্রাপ্ত। এখানে ক্যানসার নিরাময়ে প্রথাগত অস্ত্রোপচারের চেয়ে আধুনিক ও ন্যূনতম আক্রমণাত্মক (Minimally Invasive) চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়, যা রোগীর শরীরকে অক্ষত রেখে ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম।”

​তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে ফুসফুস ও স্তন ক্যানসারের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে লিভার ও অগ্ন্যাশয়ের জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য পৃথক ডেডিকেটেড বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১০৩টি দেশের রোগী এই হাসপাতাল থেকে সফলভাবে চিকিৎসাসেবা নিয়েছেন। গত বছর থেকে বাংলাদেশি রোগীদের সেখানে যাওয়ার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সিঙ্গাপুর-থাইল্যান্ডের চেয়ে কম খরচ, ঢাকায় তথ্যকেন্দ্র:

হাসপাতালটির অনকোলজি বিশেষজ্ঞ উ উই বলেন, “ক্যানসার চিকিৎসার সময় রোগীদের শারীরিক অবস্থা যেন কেমো বা রেডিওথেরাপির কারণে আরও খারাপ না হয়, সে বিষয়ে আমাদের হাসপাতাল বিশেষ গুরুত্ব দেয়। পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে আনতে আমরা সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করি।”

​ব্যয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “ক্যানসারের উন্নত ও মাল্টি-ডিসিপ্লিনারি চিকিৎসার ক্ষেত্রে আমাদের হাসপাতালের ব্যয় প্রতিবেশী দেশ ভারতের তুলনায় কিছুটা বেশি হলেও সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার ধারাবাহিকতায় বাংলাদেশি রোগীদের সুবিধার্থে আমরা ইতিমধ্যে ঢাকায় একটি স্থায়ী ‘পরামর্শ ও তথ্য কেন্দ্র’ (Consultation Center) চালু করেছি। ক্যানসার আক্রান্ত রোগীরা ও তাঁদের স্বজনেরা ভিসা, যাতায়াত ও চিকিৎসা সংক্রান্ত যেকোনো পরামর্শ বা ফাইল রিভিউ এখান থেকেই ঘরে বসে করতে পারবেন।”