চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের বাকলিয়ার ঘটনার রেশ না কাটতেই খুলশী, বায়েজিদ ও ডবলমুরিং এলাকায় আরও তিনটি শিশু ধর্ষণ ও নির্যাতনের রোমহর্ষক ঘটনা সামনে এসেছে। এলাকায় চরম উত্তেজনা।
চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও জনতার রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই নগরীতে আরও তিনটি শিশু ধর্ষণ এবং একটি লোমহর্ষক ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ সামনে এসেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে নগরীর খুলশী, বায়েজিদ এবং ডবলমুরিং থানা এলাকায় এসব পাশবিকতার ঘটনা ঘটে।
শনিবার (২৩ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা সূত্র ও ভুক্তভোগী পরিবারগুলোর বরাতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১. খুলশীতে মক্তবের ভেতরে দুই বোনকে নির্যাতন:
খুলশী আবহাওয়া অফিস সংলগ্ন রেললাইনের পাশের একটি স্থানীয় মসজিদভিত্তিক মক্তবে পবিত্র ধর্মীয় শিক্ষার আড়ালে এক শিক্ষকের বিরুদ্ধে দুই সহোদর বোনকে (১০ ও ৬ বছর) যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) সকালে অন্য কোনো শিক্ষার্থী মক্তবে না গেলেও অভিযুক্ত হুজুর ওই দুই বোনকে ডেকে নিয়ে যান। সকাল সাড়ে ৮টা পার হয়ে গেলেও তারা বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা মক্তবে গিয়ে দেখেন, একটি কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ। ভেতর থেকে শিশুদের উদ্ধার করার পর তারা জানায়, হুজুর তাদের আটকে রেখে নাস্তা আনতে গেছেন।
ভুক্তভোগী এক শিশুর খালা জানান, বাকলিয়ার ঘটনার পর তাদের মনে সন্দেহ জাগে। দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে শিশুরা তাদের সাথে ঘটা ‘খারাপ ও বিকৃত স্পর্শের’ রোমহর্ষক বিবরণ দেয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, "অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত জানতে শিক্ষক ও শিশুদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
২. বায়েজিদে ১০ টাকার প্রলোভনে ৫ বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার ১:
এদিকে শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকা থেকে ৫ বছরের এক অবুজ শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হাসান নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে মাত্র ১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় হাসান। পরে শিশুটি অসুস্থ অবস্থায় পরিবারকে জানালে বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়। বায়েজিদ থানার তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, "মামলার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও আইনি সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।"
৩. ডবলমুরিংয়ে ৭ বছরের শিশু ধর্ষণ: গণপিটুনি ও পুলিশ অবরুদ্ধ:
একই দিন (শুক্রবার) দুপুর দেড়টার দিকে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে তীব্র গণপিটুনি দেয় স্থানীয় ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত এলাকাবাসী ধর্ষকের তাৎক্ষণিক ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
এ সময় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পুলিশ ও অভিযুক্ত যুবক প্রায় দুই ঘণ্টা একটি ভবনে অবরুদ্ধ হয়ে থাকে। পরবর্তীতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এসে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচারের আনুষ্ঠানিক আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যেতে সক্ষম হয়।
প্রেক্ষাপট (বাকলিয়া ট্র্যাজেডি):
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় পুরো চট্টগ্রাম জুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। ঐ দিন বিকেল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা উত্তেজিত জনতার সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শত শত রাউন্ড কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। সেই রণক্ষেত্রে দুই সংবাদকর্মীসহ অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছিলেন।


