বিশ্বকাপ শেষে অবসর নেবেন কিনা জানালেন রোনালদো
বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো—নিজের বোনের এমন দাবি উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ক্রোয়েশিয়াকে হারিয়ে রেকর্ডের রাতে অবসর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।
চলতি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো—নিজের আপন বড় বোন কাতিয়া আভেইরোর সাম্প্রতিক এমন এক ‘বোমাফাটানো’ দাবিকে সরাসরি উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ এই মহাতারকা। অবসরের গুঞ্জনকে এক পাশে সরিয়ে শান্ত মাথায় ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের ‘শেষ বত্রিশ’ (Round of 32)-এর ম্যাচের ঠিক আগমুহূর্তে টরেন্টোতে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘স্পোর্ট টিভি’র মুখোমুখি হয়ে কাতিয়া আভেইরো দাবি করেন, এটিই সিআরসেভেনের (CR7) ‘লাস্ট ড্যান্স’ বা শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। কাতিয়া বলেছিলেন, “আমার কাছে থাকা একটি নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, আমি বিশ্বাস করি এটাই তার জাতীয় দলে শেষ টুর্নামেন্ট, তাই আসুন আমরা এটি উপভোগ করি।”
অবসর নিয়ে যা বললেন রোনালদো:
মাঠের লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৪১ বছর বয়সি রোনালদো অবসরের বিষয়টি পুরোপুরি নাকচ করে দেন। তিনি বলেন:
“এই মুহূর্তে বিষয়টি মোটেও গুরুত্বপূর্ণ নয়। টুর্নামেন্টে জয় বা হারের পর এ নিয়ে কথা বলার অনেক সময় পাব। আমি পরিবারের সঙ্গে আলোচনা করব এবং তারপর সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্তটি নেব। আমি এখন আর হুজুগে বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না; এখন সবকিছু খুব শান্ত মাথায় করা হয়। এই মুহূর্তে আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানকে উপভোগ করা এবং জাতীয় দলকে সাহায্য করা।”
রেকর্ডের রাতে মেসিকে টপকালেন সিআরসেভেন:
সমালোচকদের সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে রোনালদো বেশ কয়েকটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে গোল করার খরা কাটিয়েছেন এই কিংবদন্তি।


