শেরপুরে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মর'দেহ উদ্ধার
শেরপুরে কাজল মিয়া নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন তাঁর মরদেহ উদ্ধারের খবর পান পরিবারের সদস্যরা।
শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ধানক্ষেত থেকে মো. কাজল মিয়া (৪৪) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত কাজল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন তাঁর মরদেহ উদ্ধারের খবর পান পরিবারের সদস্যরা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহের মৃত্যুর কারণ জানতে আইনি প্রক্রিয়া চলছে।


