আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ আখ্যা দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা।

Mar 30, 2026 - 19:46
 0  19
আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
×

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকারের আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

মামলার প্রেক্ষাপট ও অভিযোগ

​সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার পূর্বে আলোচনা চলাকালে মুফতি আমির হামজা পরিকল্পিতভাবে বিষোদগার করেন। তিনি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে জনসমক্ষে ‘নাস্তিক’ এবং ‘আপাদমস্তক ইসলামবিদ্বেষী’ বলে অভিহিত করেন।

​অভিযোগপত্রে বলা হয়েছে, মুফতি আমির হামজা একজন সংসদ সদস্য ও জনপ্রিয় বক্তা হওয়ায় তার এই উসকানিমূলক বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এতে মন্ত্রীর পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বাদীর দাবি, এই মানহানিকর বক্তব্যের মাধ্যমে মন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজের অন্তত ১০০ কোটি টাকার অপূরণীয় ক্ষতি করা হয়েছে।

​অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি হুমায়ুন কবীর জানিয়েছেন, মামলার প্রাথমিক শুনানি সম্পন্ন হয়েছে। আদালত বর্তমানে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বাদীর পক্ষ থেকে দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারি পরোয়ানা (W/A) ইস্যু করার আবেদন জানানো হয়েছে।

​উল্লেখ্য, জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে চলমান এই আইনি লড়াই রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।