মাদরাসায় টিকটক ভিডিও তৈরি: হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার

মাদরাসার ভেতরে স্মার্টফোন ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশের বৃহৎ কওমি শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী মাদরাসার ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

Jul 9, 2026 - 17:39
 0  4
মাদরাসায় টিকটক ভিডিও তৈরি: হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার
×

মাদরাসার ভেতরে স্মার্টফোন ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ কওমি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার চার শিক্ষার্থীকে চিরতরে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

​গত বুধবার (৮ জুলাই) জোহরের নামাজের পর মাদরাসার কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হাজারো শিক্ষার্থীর সামনে এই বহিষ্কারাদেশের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

​মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হাটহাজারী মাদরাসায় সাধারণ শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন বা ক্যামেরা ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেবল জরুরি যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ ‘বাটন ফোন’ ব্যবহারের অনুমতি রয়েছে। এই কঠোর নির্দেশনার পরও ওই চার শিক্ষার্থী গোপনে স্মার্টফোন ব্যবহার করে মাদরাসার পবিত্র আঙিনায় টিকটক ভিডিও তৈরি করে, যা প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলার সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন।

​মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদরাসার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক শিক্ষকরা ওই শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার ও টিকটক তৈরির কর্মকাণ্ড শনাক্ত করেন।

​মাওলানা নিজামপুরী আরও বলেন, "এর আগেও একই ধরনের অপরাধে শিক্ষার্থীদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। ওই চার শিক্ষার্থীর বিরুদ্ধে টিকটক ভিডিও তৈরির অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। সামগ্রিক বিষয় বিবেচনা করেই পরিচালনা পর্ষদ তাদের চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।"

​এ সময় মাদরাসার পক্ষ থেকে কঠোর বার্তা দিয়ে জানানো হয়, ভবিষ্যতেও যদি কোনো শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার বা এ ধরনের অনৈতিক ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তার বিরুদ্ধেও বিনা নোটিশে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।