জনগণের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ার রাজপথে ১১ দলীয় জোট
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ। সমাবেশ পরিচালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, “শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য ২০২৪ সালের জুলাই বিপ্লবে মানুষ জীবন দেয়নি। দেশের মৌলিক পরিবর্তনের প্রত্যাশা থেকেই জনগণ আন্দোলনে অংশ নিয়েছিল। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম.এস.এ মাহমুদ। তিনি বলেন, “ভারতের কোনো দাবির কাছে মাথা নত না করে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।” তিনি জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণভোটের সিদ্ধান্ত কার্যকর করার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, এনসিপি নেতা এনামুল হক বাবু বিশ্বাস, জাতীয় ছাত্রশক্তি বগুড়ার আহ্বায়ক এ.জেড.এম. শাহরিয়ার জুহিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরের সভাপতি মো. আসগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট শাহিন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ছাত্রশিবির বগুড়া মহানগরের সেক্রেটারি সজীবুল ইসলাম সজীব, অধ্যক্ষ ইকবাল হোসেন ও মাওলানা হেদায়েতুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


