সরকার জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিশ্ববাজারে অস্থিরতা সত্ত্বেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেও বাংলাদেশে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, জনগণের দুর্ভোগ লাঘবে সরকার বর্তমানে জ্বালানি খাতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি প্রদান করছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরে যশোরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, "পৃথিবীর ৮০টি দেশে জ্বালানির মূল্য বাড়লেও বাংলাদেশ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছে। আমাদের দেশে হঠাৎ করেই জ্বালানির চাহিদা অস্বাভাবিক বেড়েছে। প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকলেও ঈদের আগে আমরা দৈনিক ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করেছি। এছাড়া ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করার কাজও সরকার শুরু করেছে।" তিনি আরও নিশ্চিত করেন যে, আগামী এপ্রিল মাস পর্যন্ত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত ও চাহিদা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী আরও জানান, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের কাজ চলমান এবং পহেলা বৈশাখ থেকে 'কৃষক কার্ড' চালু করা হবে। অনুষ্ঠানে যশোর সদর ও পৌরসভার ৩৪ জন অস্বচ্ছল ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। যশোর জেলার মোট ১৫৩ জন ব্যক্তির মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকা বিতরণের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


