বই পড়ার হাতেখড়ি থেকে বাংলা সাহিত্যের শ্রেণি সংগ্রাম: গোবিপ্রবিতে অনুষ্ঠিত জমজমাট সাহিত্য আড্ডা

Jul 3, 2026 - 21:54
Jul 3, 2026 - 21:58
 0  9
বই পড়ার হাতেখড়ি থেকে বাংলা সাহিত্যের শ্রেণি সংগ্রাম: গোবিপ্রবিতে অনুষ্ঠিত জমজমাট সাহিত্য আড্ডা
×

বই পড়ার হাতেখড়ি থেকে বাংলা সাহিত্যের শ্রেণি সংগ্রাম: গোবিপ্রবিতে অনুষ্ঠিত জমজমাট পাঠচক্র

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আজ শুক্রবার (৩ জুলাই) শহীদ মিনারে এক আকর্ষণীয় সাহিত্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিপ্রবি সাহিত্য সংসদ ও গোবিপ্রবি বন্ধুসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই পাঠচক্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

গোবিপ্রবি সাহিত্য সংসদের নিয়মিত আয়োজন ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’য় শিক্ষার্থীরা প্রথমে তাদের বই পড়ার প্রথম স্মৃতি নিয়ে মন খুলে আলোচনা করেন। পাঠ্যবইয়ের পাতার ফাঁকে লুকিয়ে পড়া, স্কুলজীবনের বইপড়া অভ্যাস থেকে শুরু করে স্কুলভিত্তিক বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভূমিকা সবকিছুই উঠে আসে শিক্ষার্থীদের স্মৃতিচারণে।

দ্বিতীয় পর্বে বাংলা বিভাগের শিক্ষার্থী দিগন্ত বিশ্বাস বাংলা সাহিত্যের শ্রেণি সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। চর্যাপদ থেকে মধ্যযুগ হয়ে আধুনিক যুগ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেন তিনি। আলোচনায় উঠে আসে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ থেকে শুরু করে সুকান্ত ভট্টাচার্যের কবিতাসহ বিভিন্ন সাহিত্যকর্ম। পরে শিক্ষার্থীরা অংশ নেন উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে।

আলোচনার শেষে গোবিপ্রবি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ বলেন,  

"বন্ধুসভা ও সাহিত্য সংসদের এই যৌথ আড্ডা ছিল বেশ উপভোগ্য ও শিক্ষণীয়। আগামী সপ্তাহের পাঠচক্র (১০ জুলাই) এর বিষয় হচ্ছে ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’য় আহমদ ছফা। সবাইকে আমন্ত্রণ জানাই।"

বন্ধুসভার পক্ষে আল আমিন বলেন,  

"বিশ্ববিদ্যালয়ে যেসব পাঠচক্র হয়, যৌথ উদ্যোগে করলে শিক্ষার্থীরা আরও বেশি আগ্রহী হয়। এমন উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া উচিত।"

পাঠচক্র শেষে অংশগ্রহণকারীরা মুক্তিযোদ্ধা মামার দোকানে চা-চক্রে মিলিত হন। গল্প-গুজবে মুখরিত পরিবেশে এভাবেই শেষ হয় মনমুগ্ধকর এই সাহিত্য আড্ডা।