হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ, সুখবর দিল নবীন ফ্যাশন

কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে পুনরায় সচল হচ্ছে নবীন ফ্যাশন; সিন্ডিকেটের ভয়ে দেশ ছাড়লেন মালিক এনামুল হাসান নবীন।

Mar 25, 2026 - 20:09
 0  22
হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ, সুখবর দিল নবীন ফ্যাশন
×

রাজধানীর মগবাজারে শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনার পর, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে পুনরায় সচল হচ্ছে 'নবীন ফ্যাশন'। বুধবার (২৫ মার্চ ২০২৬) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। তবে নিরাপত্তার স্বার্থে বিতর্কিত মগবাজার শাখাটি আপাতত বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

​নবীন ফ্যাশন তাদের পোস্টে জানায়, "জনাব হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল সাহেবের বিশেষ উদ্যোগে অন্যান্য শাখাগুলো সচল রাখা সম্ভব হয়েছে।" আগামী ১৫ দিন দেশের সকল শাখায় বিশেষ ঈদ উৎসব ও আকর্ষণীয় অফার চলবে। তবে প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীন দেশজুড়ে চলা এই অস্থিরতার মধ্যে নিরাপত্তার অভাব বোধ করে ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, "সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না।"

​এর আগে এক সংবাদ সম্মেলনে নবীন অভিযোগ করেন, ৪ হাজার ৫০০ টাকার নিচে পাঞ্জাবি বিক্রি না করার জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। কম দামে মানসম্মত পণ্য দেওয়ায় তাদের শোরুম বন্ধ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নবীন ফ্যাশন আরও জানায়, তাদের ব্যবসার লভ্যাংশ গরিব-অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চীনের গুয়াংজু থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন।