জুলাই উদ্যানে বৃক্ষরোপণ, ইবিতে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু, চলবে মাসব্যাপী
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার প্রত্যয়ে ৩৫টি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ৩৫টি বৃক্ষ রোপণ করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া এ কর্মসূচি পুরো মাসজুড়ে চলবে।
কর্মসূচির উদ্বোধনকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময়ই ইসলাম, দেশ, মানবতা, সমাজ ও পরিবেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে বিশ্বাস করে। সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে ৩৫টি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, পুরো মাসজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। একটি সবুজ ক্যাম্পাস আগামী প্রজন্মের জন্য আমাদের সুন্দর উপহার হতে পারে।”
কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


