সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু: হাম নয়, নেপথ্যে ঘাতক ‘সহ-রোগ’

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ৩ মাসে ২২ শিশুর মৃত্যু; চিকিৎসকদের মতে হামের সাথে নিউমোনিয়া ও হৃদরোগের মতো সহ-রোগই এই প্রাণহানির প্রধান কারণ।

Mar 31, 2026 - 14:03
 0  5
সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু: হাম নয়, নেপথ্যে ঘাতক ‘সহ-রোগ’
×

রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডিএইচ) গত তিন মাসে হামে আক্রান্ত ২২টি শিশুর প্রাণহানি ঘটেছে। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে দেখা গেছে, এই মৃত্যুর মিছিলের নেপথ্যে শুধু ‘হাম’ নয়, বরং ঘাতক হিসেবে কাজ করছে নিউমোনিয়া, ডায়রিয়া এবং জন্মগত হৃদরোগের মতো বিভিন্ন জটিল ‘সহ-রোগ’ বা কো-মরবিডিটি। বিশেষ করে ৩ থেকে ১০ মাস বয়সী শিশুরা, যারা এখনো নিয়মিত টিকার আওতায় আসেনি, তারাই সবচেয়ে বেশি জীবনঝুঁকিতে রয়েছে।

মৃত্যুর পরিসংখ্যান ও ভয়াবহতা

​হাসপাতাল সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও ফেব্রুয়ারিতে একজন এবং চলতি মার্চের ৩০ তারিখ পর্যন্ত ২২ জন শিশু মারা গেছে। এই তিন মাসে মোট ভর্তি রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। জানুয়ারিতে ২৫ জন ও ফেব্রুয়ারিতে ৮৮ জন ভর্তি হলেও মার্চ মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫ জনে। বর্তমানে ৮৬ জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।

চিকিৎসকদের পর্যবেক্ষণ

​হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. শ্রীবাস পাল বলেন, “মৃত শিশুদের প্রায় সবারই হামের সঙ্গে গুরুতর নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা চোখের প্রদাহ ছিল। অনেকের আগে থেকেই হৃদরোগ বা কিডনি জটিলতা ছিল। শুধু হামের কারণে কোনো শিশুর মৃত্যু হয়েছে—এমন রোগী আমরা পাইনি।” তিনি আরও জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে এবং শরীরে র‍্যাশ বের হওয়ার এক সপ্তাহ আগে থেকেই এটি ছড়াতে শুরু করে।

হাসপাতালের শয্যা সংকট ও স্বাস্থ্যঝুঁকি

​মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের রোগীদের জন্য মাত্র আটটি শয্যা বরাদ্দ থাকলেও বর্তমানে রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। শয্যা না থাকায় অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সরজমিনে দেখা গেছে, জায়গার অভাবে চিকেন পক্স ও নিউমোনিয়া ওয়ার্ডেও হামের রোগীদের রাখা হয়েছে। এতে ভিন্ন ভিন্ন সংক্রামক ব্যাধির রোগীদের সহাবস্থানের ফলে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্ত

​হামের সংক্রমণের এই ঊর্ধ্বমুখী হার বিবেচনায় নিয়ে জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপ (নাইট্যাগ) জরুরি সভা করেছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নিয়মিত কর্মসূচির পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ছয় মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে, যাতে কম বয়সী শিশুদের মৃত্যুঝুঁকি কমানো যায়।