তেলের ব্যারেল ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন: ইরান
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার ছাড়িয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও শত্রুশিবিরে পৌঁছাতে দেওয়া হবে না।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকার বেশি) হওয়ার জন্য বিশ্ববাসীকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বুধবার (১১ মার্চ, ২০২৬) এই সতর্কবার্তা প্রদান করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের সরাসরি হুমকি দিয়ে বলেন, “ব্যারেল প্রতি তেলের দাম ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল, যা আপনারা নষ্ট করেছেন।” তিনি এক বিবৃতিতে স্পষ্ট জানান যে, ইরানের ‘প্রতিশোধমূলক পাল্টা হামলা’র নীতি এখন শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে ‘আঘাতের বদলে সরাসরি আঘাত’।
তিনি আরও হুঁশিয়ারি দেন যে, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের অংশীদারদের কাছে এক লিটার তেলও পৌঁছাতে দেওয়া হবে না। তাদের অনুগত যেকোনো জাহাজ বা ট্যাংকারকে ইরানের সামরিক বাহিনী এখন থেকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য করবে।
ট্রাম্পের দাবি ও বর্তমান পরিস্থিতি:
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানে নতুন করে হামলা চালানোর মতো ‘কার্যত আর কিছুই বাকি নেই’। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই যুদ্ধ অত্যন্ত সফলভাবে চলছে এবং মার্কিন বাহিনী নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা তাদের মূল ছয় সপ্তাহের পরিকল্পনার চেয়েও দ্রুত ধ্বংস করা হয়েছে।
তবে ট্রাম্পের এই দাবি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে। কারণ, এর আগেও তিনি বিভিন্ন ইস্যুতে অসমর্থিত তথ্য প্রদান করেছিলেন। আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্পের দাবি কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের পক্ষ থেকে তেলের বাজার অস্থিতিশীল করার হুমকির পর বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।


