বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের মতবিনিময়
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মাদ ইশরাক হোসেনের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মাদ ইশরাক হোসেনের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি মুহাম্মাদ নূরে আলম সিদ্দিকী এবং সহ-সভাপতি খালিদ হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এই আলোচনায় অংশ নেন।
মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, জাতীয় চেতনা রক্ষা এবং দেশ গঠনে শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করে বলা হয়, এ ধরনের রাষ্ট্রীয় উদ্যোগ সাধারণ শিক্ষার্থীসমাজ ও রাষ্ট্রের মধ্যে একটি ইতিবাচক যোগাযোগ তৈরি করবে এবং আগামী দিনে তরুণদের মাঝে দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘটে।


