দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশাকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী জনতার সাথে উপহাস করেছেন -অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ
পল্লবীতে শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিকে ‘মধ্যযুগীয়’ বলায় স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা দেশ যখন গভীর শোকাহত এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে নাগরিক সমাজ চরম ক্ষুব্ধ, তখন দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে "আমরা মধ্যযুগে নাই" বলে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সাধারণ জনগণের আবেগের প্রতি উপহাস করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
শুক্রবার (২২ মে) বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের এক গুরুত্বপূর্ণ ‘থানা প্রতিনিধি সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিচারহীনতায় অপরাধীরা নৃশংস হয়ে উঠছে:
সভায় অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মূল প্রত্যাশা ও চেতনা আজ হারিয়ে যেতে বসেছে। দেশে চরম বিচারহীনতার কারণে অপরাধীরা দিন দিন ভয়হীন ও আরও বেশি নৃশংস হয়ে উঠছে। একের পর এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে চললেও কোনো দৃশ্যমান বিচার হচ্ছে না। অপরাধ আদালতে প্রমাণিত হওয়ার পরেও বছরের পর বছর ধরে কোনো শাস্তি কার্যকর হচ্ছে না। ফলে সাধারণ মানুষ বিদ্যমান ভঙ্গুর আইন ও আইনি ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।"
এমতাবস্থায় তিনি অবিলম্বে অবুজ শিশু রামিসাসহ দেশব্যাপী সংঘটিত নারী ও শিশু নির্যাতনের সকল মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
ঢাকাকে বাসযোগ্য করার প্রত্যয় মেয়র প্রার্থীর:
থানা প্রতিনিধি সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (DSCC) আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বক্তব্য রাখেন। তিনি বলেন, "ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ঢাকা মহানগরী আজ বিশ্বের বুকে অন্যতম বসবাস অযোগ্য শহর হিসেবে পরিচিতি পেয়েছে। আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ঢাকাবাসীর মৌলিক অধিকার রক্ষা করে এই তিলোত্তমা নগরীকে একটি আধুনিক ও প্রকৃত বাসযোগ্য শহর হিসেবে পুনর্গঠন করাই হবে আমার প্রধান দায়িত্ব।"
যানজট ও চাঁদাবাজিমুক্ত ঢাকা গড়ার আহ্বান:
এর আগে শুক্রবার বাদ জুমা একই স্থানে মতিঝিল থানা শাখার তৃণমূল সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, ঢাকাকে সাধারণ মানুষের জন্য নিরাপদ করতে হলে যানজট মুক্ত, দূষণমুক্ত এবং সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে হবে। আর এই লক্ষ্য অর্জনে ইসলামী আন্দোলনের রাজনৈতিক লড়াই রাজপথে অব্যাহত থাকবে।
ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, এমএইচ মোস্তফা, আলহাজ্ব আনোয়ার হোসেনসহ নগর ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।


