আয়োজনেই যেন জুলাই শেষ না হয়: শেখ ফজলে বারী মাসউদ

জুলাই অভ্যুত্থানের চেতনা ও 'জুলাই সনদ' বাস্তবায়নে কোনো গড়িমসি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ।

Jul 3, 2026 - 17:36
 0  3
আয়োজনেই যেন জুলাই শেষ না হয়: শেখ ফজলে বারী মাসউদ
×

বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে শুধু আনুষ্ঠানিক আয়োজনেই যেন জুলাইয়ের সংগ্রাম শেষ হয়ে না যায়, সে বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের গড়িমসি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

​শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ভাটারা স্থিত নগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বৈষম্য ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধের আহ্বান:

​লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ বলেন, “সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ৫৬ শতাংশ কোটানির্ভর নিয়োগের যে বৈষম্যমূলক সিদ্ধান্ত এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে ‘কোটা না মেধা’ স্লোগানের মাধ্যমে ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রামের সূচনা হয়। আন্দোলনের শুরু থেকে প্রতিটি রণক্ষেত্রে এবং সংগ্রামের প্রতিটি মুহূর্তে স্বৈরাচারী খুনি হাসিনা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর রাজপথে রক্তের হোলিখেলায় মেতে উঠেছিল। বাংলাদেশের মানচিত্রের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা সেই খুনি হাসিনার ফ্যাসিবাদ ও স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ দ্রোহ ও জাগরণের লড়াইয়ে শামিল হয়েছিল।”

​তিনি আরও দৃঢ়তার সাথে বলেন, “আমরা স্পষ্টভাবে বর্তমান প্রশাসন ও দেশের রাজনৈতিক অঙ্গনকে বলতে চাই— বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদী ও স্বৈরাচারী রাজনীতির পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যাবে না। জুলাই আমাদের কাছে কেবল একটি অতীত স্মৃতি নয়, এটি ন্যায়ের পক্ষে অন্যায়ের তীব্র প্রতিবাদ এবং মানবিকতা প্রতিষ্ঠার এক চলমান অঙ্গীকার। আর এই অঙ্গীকারের মূল ভিত্তি হলো ‘জুলাই সনদ’। এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দ:

​ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সুনিপুণ সঞ্চালনায় উক্ত মাসিক সভায় সংগঠনের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতামত পেশ করেন আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, মাস্টার অব. ওয়ারেন্ট অফিসার আমিনুল হক তালুকদার, আলহাজ্ব আলাউদ্দিন, মুফতি সিরাজুল ইসলাম, মুফতি মুস্তাকিম বিল্লাহ, মুফতি সাব্বির আহমেদ, মুফতি আরমান হোসাইন, মুফতি হাবিবুল্লাহ।