আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোরদারের আহ্বান ইসলামী আন্দোলনের
শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখা এবং আওয়ামী নৃশংসতা নিয়ে বিশ্বজুড়ে প্রচারণা জোরদারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।
শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শনিবার (৮ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি সরকারের কাছে এই দাবি জানান।
মিথ্যা প্রচারণায় আওয়ামী লীগের পারঙ্গমতা প্রমাণিত উল্লেখ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশিদের সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার যে নীতি নিয়েছে, তা দীর্ঘমেয়াদে ভারতের জন্যই ক্ষতি বয়ে আনবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেওয়ার পরিণতি শেষ পর্যন্ত ভারতকে বহন করতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না এবং বিচারের গতিও স্লথ করা যাবে না। দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। অন্যথায় দেশে ফেরার ঘোষণা দিয়ে বারবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ নেবে শেখ হাসিনা। তাই সেই পথ বন্ধ করতে দ্রুত ও ব্যাপকতার সঙ্গে ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করতে হবে।
ইসলামী আন্দোলনের মহাসচিব স্পষ্ট করে বলেন, একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কাজেও গতি আনতে হবে। দ্রুত সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হলেই কেবল আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা যাবে।


