জনগণের বহু প্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমের

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, অতীতের মতো বিরোধীদের দমনে বিচারব্যবস্থাকে ব্যবহার করা থেকে বর্তমান সরকারকে বিরত থাকতে হবে।

May 17, 2026 - 16:49
 0  3
জনগণের বহু প্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমের
×

মানুষের আশা-ভরসার শেষ স্থল হলো আদালত বা বিচার ব্যবস্থা। আর আদালত যখন পক্ষপাতিত্ব করে, তখন মানুষের আর কিছু করার থাকে না। বিগত সময়ে আদালতকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে দেশের গোটা বিচারব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর মানুষ যেহেতু ফ্যাসিবাদকে বিতাড়ন করেছে, তাই বর্তমান সরকার সেই পুরনো পথ থেকে বের হয়ে জনকল্যাণে কাজ করবে—এটাই জনগণের মূল আশা। কোনো অবস্থাতেই বিরোধীদের দমনে বিচারব্যবস্থাকে ব্যবহার করা যাবে না।"

​রবিবার (১৭ মে) বিকেলে রাজধানীর ওয়ারীর একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা শাখা আয়োজিত ‘তৃণমূল দায়িত্বশীল সভা’য় প্রধান অতিথির বক্তব্যে দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি:

রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়ে মাওলানা কাইয়ূম বলেন, "রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের স্বার্থে জনগণের বহুপ্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এই গণভোটের রায় বাস্তবায়িত হলে দেশ থেকে অনেকাংশে দুর্নীতি বন্ধ হবে এবং আমাদের বিচার ব্যবস্থা তার আপন অস্তিত্ব ও মর্যাদা ফিরে পাবে। মনে রাখতে হবে, মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়।"

তৃণমূল সভায় নেতৃবৃন্দ:

ওয়ারী থানা শাখার সভাপতি হাফেজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তৃণমূল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার।

​সভায় থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং দলের সহযোগী বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলেরা উপস্থিত থেকে সাংগঠনিক ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।