বন্যাদুর্গতদের সহমর্মিতা জানাতে ত্রাণ সহায়তা নিয়ে চট্টগ্রামে মাওলানা গাজী আতাউর রহমান
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাথে সহমর্মিতা জানাতে ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আজ ১২ জুলাই চট্টগ্রাম যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
দেশের সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করতে আজ রবিবার (১২ জুলাই) চট্টগ্রাম যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মূলত চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুর্গতদের মাঝে সরাসরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁর এই সফর।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে মহাসচিব চট্টগ্রামের সবচেয়ে বেশি বন্যাাক্রান্ত অঞ্চল—বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা পরিদর্শন করবেন। সেখানে পানিতে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণের মূল কাজটির সরাসরি তদারকি ও সমন্বয় করবেন তিনি।
ত্রাণ বিতরণ ও এই মানবিক কার্যক্রমে মাওলানা গাজী আতাউর রহমানের সাথে আরও উপস্থিত থাকবেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের প্রধান আলহাজ্ব আব্দুর রহমানসহ স্থানীয় জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
শুরু থেকেই সতর্ক অবস্থানে দল
চট্টগ্রাম সফরের প্রাক্কালে চলমান দুর্যোগ প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, "চট্টগ্রামসহ পার্বত্য অঞ্চলে অতিবৃষ্টি শুরু হওয়ার পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। বন্যা পরিস্থিতি অবণতির দিকে যাওয়া মাত্রই আমাদের কর্মীরা সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু করে।"
তিনি আরও যোগ করেন, "বন্যা কবলিত এলাকায় ইতোমধ্যে জরুরি বিশুদ্ধ পানি এবং শুকনো খাদ্য সহায়তা নিয়ে আমরা বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া দুর্গতদের আবাসন নিশ্চিত করতে স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাগুলোকে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে এবং বর্তমানে সেসব আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের চিকিৎসাসহ সার্বিক সেবায় আমাদের স্বেচ্ছাসেবকেরা দিনরাত নিয়োজিত রয়েছেন।"


