যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান, ড্রোন ও কামান হামলা চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে রয়েছে শিশু ও ত্রাণবাহী ট্রাকচালক।
আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি আবারও লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজা উপত্যকার বিভিন্ন বেসামরিক এলাকা, শরণার্থী শিবির ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে নতুন করে হামলা চালিয়ে দুটি শিশুসহ অন্তত ৯ ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত বুধবার (৮ জুলাই) এই পৃথক হত্যাকাণ্ডগুলো চালানো হয়।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু গাজার চিকিৎসা সূত্রের বরাতে জানায়, গাজা সিটির পশ্চিমে একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং দুজন আহত হন। এছাড়া গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার আল-উয়ুন স্ট্রিটে বেসামরিক মানুষের একটি জমায়েতে ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হন। গাজা সিটির দক্ষিণে জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত ছয় বছরের এক শিশু এবং গত মঙ্গলবার সাবরা এলাকায় গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় আহত আট বছরের আরেক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
তাঁবুতে বিমান হামলা ও ত্রাণবাহী ট্রাকে গুলি
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে এক বাবা ও তার সন্তানসহ চার ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১০ জন আহত হন।
অন্য একটি নারকীয় ঘটনায়, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ত্রাণ বোঝাই করার অপেক্ষায় থাকা একটি ট্রাকের ভেতরে থাকা অবস্থায় চালকের মাথায় সরাসরি গুলি করে ইসরায়েলি সেনারা। নিহত ওই চালকের নাম আহমদ নাসের ইসলিম। পরে তার মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়।
গাজার সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে ইসরায়েলি গানবোট (যুদ্ধজাহাজ) থেকে চালানো গুলিতে এক নারী গুরুতর আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক কামানের গোলা বর্ষণ করেছে।
যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরায়েলি বাহিনী চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ এই উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধবিরতি চলাকালীন সময়েই ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত ১ হাজার ৮৪ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৪৯১ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সেনাবাহিনীর এই ভয়াবহ ও প্রাণঘাতী হামলায় গাজায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। একই সাথে এসব বর্বর হামলায় গাজাজুড়ে বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশই সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


