জুলাই শহিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ইবিতে জাতীয় ছাত্রশক্তির আনুষ্ঠানিক যাত্রা শুরু

কুষ্টিয়ার জুলাই শহিদ আব্দুল্লাহ আল মুস্তাকিনের কবর জিয়ারতের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার জাতীয় ছাত্রশক্তির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

Jul 10, 2026 - 01:02
 0  8
জুলাই শহিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ইবিতে জাতীয় ছাত্রশক্তির আনুষ্ঠানিক যাত্রা শুরু
×

কুষ্টিয়ার সর্বকনিষ্ঠ জুলাই শহিদ আব্দুল্লাহ আল মুস্তাকিনের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কুষ্টিয়া পৌর গোরস্থানে কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের আয়োজন করে সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন শহিদ আব্দুল্লাহ আল মুস্তাকিনের বাবা, জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দিন, মো. তামিম, মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সংগঠনের নেতারা জানান, দেশের জন্য আত্মত্যাগকারী শহিদদের আদর্শ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তারা পথচলা শুরু করেছেন।

দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো. তামিম। তিনি বলেন, “আজ জুলাইয়ের শহিদদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমের সূচনা করেছি। শহিদদের আত্মত্যাগ আমাদের কাছে শুধু একটি স্মৃতি নয়, এটি আমাদের অঙ্গীকার। আমরা তাঁদের স্বপ্ন, আদর্শ ও আকাঙ্ক্ষাকে কখনো ভুলব না, ভুলতেও দেব না। সেই চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস গঠন এবং বৈষম্যহীন শিক্ষাঙ্গণ বিনির্মাণে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

সংগঠনটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফুয়াদ হাসান বলেন, “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহিদদের অবদান ও চেতনাকে আমরা গভীরভাবে ধারণ করি। শহিদরা যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। গণরুম ও গেস্টরুমমুক্ত, শিক্ষার্থীবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই শহিদদের আত্মত্যাগের অন্যতম প্রত্যাশা। সেই চেতনাকে ধারণ করে আমরা শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”

উল্লেখ্য, গত রোববার (৫ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ফুয়াদ হাসানকে আহ্বায়ক, ইফতেহার উদ্দিন মো. তামিমকে সদস্য সচিব এবং যায়েদ বিন ওসমানকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।