ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামের এক সপ্তম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফায়ার সার্ভিস তাঁর নিথর দেহ উদ্ধার করে।

Aug 16, 2026 - 11:50
 0  2
ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
×

ঝিনাইদহ শহরের সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আরাবি হোসেন ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে। সে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

​ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আরাবি। বিকেলের পরও সে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদের পুকুরে তার দেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

​তথ্য পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

​ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার লিয়াকত বিশ্বাস জানান, "স্থানীয়দের ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করি এবং চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠাই।"

​ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, "হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। হাসপাতালে আমরা তাকে মৃত অবস্থাতেই পাই।"