দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ সোমবার (২৫ মে) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ ঈদ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনকে আরও উদ্ভাসিত করুক—মহান আল্লাহর কাছে আমরা এই কামনাই করছি।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, আল্লাহর নির্দেশ পালনে নবী ইব্রাহিম (আ.) নিজের প্রিয় সন্তানকে কোরবানি করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন। অন্যদিকে, তাঁর প্রিয় সন্তান নবী ইসমাঈল (আ.)-ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। তাঁদের এই চরম আনুগত্য ও আত্মত্যাগের ঘটনাকে স্মরণীয় ও অনুকরণীয় করে রাখতেই পবিত্র হজ ও ঈদুল আজহায় পশু কোরবানির বিধান। পশু জবাইয়ের সাথে সাথে আমাদের মনের পশুত্বকেও কোরবানি দিয়ে ইসমাঈলী চেতনায় নিজেদের শানিত করতে হবে।
খেলাফত মজলিসের নেতৃদ্বয় আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনে নিষ্পেষণের পর জনগণ এবার দ্বিতীয়বারের মতো নির্ভীক চিত্তে ঈদুল আজহার আনন্দ উদযাপন করতে যাচ্ছে। ফ্যাসিস্ট অপশক্তির নির্মম নির্যাতনে হতাহতদের পরিবারগুলোতেও ঈদের নির্মল আনন্দ ছড়িয়ে পড়ুক। একই সাথে শহীদ পরিবারগুলোতে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
শুভেচ্ছা বার্তার পাশাপাশি জনস্বার্থে ও আন্তর্জাতিক ইস্যুতে সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও আহ্বান জানানো হয়:
১. অসহায়দের পাশে দাঁড়ানো: দরিদ্র-অসহায় মানুষ যাতে ঈদের দিন কোরবানির গোশত উপভোগ করতে পারে, সেজন্য সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান।
২. চামড়ার ন্যায্য মূল্য: কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারকে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. নিরাপত্তা নিশ্চিতকরণ: ঈদকে কেন্দ্র করে নারী-শিশুর নিরাপত্তা সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং সড়ক ও ঘর-বাড়ির নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।
৪. ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট: মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে কার্যকর ভূমিকা রাখার তাগিদ। পাশাপাশি মিয়ানমারের উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিক অধিকার দিয়ে আরাকানে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
৫. আন্তর্জাতিক উদ্বেগ: ভারতের বিভিন্ন রাজ্যে ঈদুল আজহায় পশু কোরবানিতে বাধাদানের ঘটনার নিন্দা জানিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত সকল মানুষের মুক্তি কামনা করা হয়।


