কুষ্টিয়ার হামলার প্রতিবাদে বগুড়ায় মশাল হাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা
কুষ্টিয়ায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হামলার জন্য আমির হামজাকে দায়ী করে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
কুষ্টিয়ায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে বগুড়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ (জিওপি) বগুড়া জেলা শাখা।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া সদর আসনের এমপি আমির হামজাকে দায়ী করেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, “আমির হামজা যখন আওয়ামী লীগের দালালি করতে ব্যস্ত ছিলেন, তখন ভিপি নুর ও রাশেদরাই রাজপথে স্লোগান তুলেছিলেন।” আন্দোলন-সংগ্রামের সময় যারা রাজপথে ছিলেন, তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তারা মন্তব্য করেন।
সমাবেশে বক্তারা রাজনৈতিক মতপার্থক্যের কারণে হামলা ও সহিংসতার নিন্দা জানিয়ে কুষ্টিয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


