নারী ও ছাত্রী বিভাগে সদস্য সংগ্রহ শুরু করেছে মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসে
নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। অনলাইন ফরমের মাধ্যমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির মাওলানা মামুনুল হক।
নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহের কাজ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নারীদের এই বিভাগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মাওলানা মামুনুল হক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান এবং নারীদের সদস্য হওয়ার জন্য একটি অনলাইন ফরম প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মামুনুল হক উল্লেখ করেন, ইসলামের মূল কাজ তিনটি— ‘তা’লীমে দ্বীন’, ‘তাবলীগে দ্বীন’ ও ‘তাগলীবে দ্বীন’। এই তিন কর্মসূচির সমন্বয়ে ইসলামী সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। ‘পুরনো দিনের ভূত’ হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার ডাক দেন তিনি।
তিনি আরও বলেন, চার ধাপে ইসলামকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে দলটি এগোতে চায়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন, সমষ্টিগত জীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠা, আধিপত্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা এবং রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত প্রতিষ্ঠা।
মাওলানা মামুনুল হক বলেন, নারীদের দায়িত্ব, অধিকার ও দ্বীনি সচেতনতা আরও সুসংহত ও সংগঠিত করতে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রকাশিত অনলাইন ফরমটি পূরণের মাধ্যমে আগ্রহীরা সরাসরি সংগঠনের এই নারী বিভাগের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে পোস্টে উল্লেখ করা হয়।


