দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২৩
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৪২৩ জনের শরীরে। বিস্তারিত জানুন স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টে।
দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হামের কারণে তিন শিশু এবং হামের সদৃশ উপসর্গ নিয়ে বাকি চার শিশু মারা গেছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ২০৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে। এর মধ্যে এ পর্যন্ত মোট ৮ হাজার ২৭৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত করা সম্ভব হয়েছে। আর গত দুই মাসেরও বেশি সময়ে হাম ও হামের উপসর্গে ভুগে দেশে মোট ৪৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকেরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন।


