আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন মোহাম্মদ আমির
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। আজহার মাহমুদের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সুযোগ পেতে পারেন তিনি।
পাকিস্তানি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণ ২০০৮ সালের পর থেকে বন্ধ থাকলেও এবার সেই নিয়ম ভেঙে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির সুযোগ পেতে পারেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে।
জানা গেছে, আমির সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেছেন। তার স্ত্রী নারজিস খান যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় সেই সূত্রেই তিনি এই নাগরিকত্ব পেয়েছেন। নতুন এই পাসপোর্টের কারণে তিনি ভবিষ্যতে বিদেশি বা ব্রিটিশ ক্রিকেটার হিসেবে আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিবন্ধনের সুযোগ পেতে পারেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমির জানিয়েছেন, তার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, সুযোগ পেলে আইপিএলে খেলার ব্যাপারে তিনি আগ্রহী এবং নিজেকে আবারও এই বড় মঞ্চে দেখতে চান।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করে। এর আগে প্রথম আসরে শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, উমর গুল, শোয়েব মালিকসহ একাধিক পাকিস্তানি তারকা ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন।
নিষেধাজ্ঞার পর কেবলমাত্র আজহার মাহমুদ ব্যতিক্রম হিসেবে আইপিএলে খেলতে পেরেছিলেন। কারণ তিনি ব্রিটিশ নাগরিকত্বের (কাউন্টি খেলোয়াড় হিসেবে) সুবিধা নিয়ে ২০১২ ও ২০১৩ সালে কিংস ইলেভেন পাঞ্জাব এবং ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন। এখন ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে, আমিরও কি আজহার মাহমুদের একই পথ অনুসরণ করে আইপিএলে খেলার সুযোগ পাবেন? নাকি বিষয়টি শুধুই সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।


