গণঅভ্যুত্থানের ইতিহাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ভূমিকা গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস কোনো দলীয় বয়ানে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ভিত্তিতে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

Aug 8, 2026 - 14:52
 0  4
গণঅভ্যুত্থানের ইতিহাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ভূমিকা গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম
×

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদরাসাশিক্ষার্থীদের ভূমিকা এবং ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলন যথেষ্ট গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার মতে, অভ্যুত্থানের ইতিহাস কোনো দলীয় বয়ানে সীমাবদ্ধ না রেখে দেশের সব শ্রেণি-পেশা ও অঞ্চলের মানুষের অংশগ্রহণের ভিত্তিতে তুলে ধরা উচিত।

​শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

​নাহিদ ইসলাম বলেন, "জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা এলাকার আন্দোলন ছিল না। তাই এর ইতিহাসও দেশের বিভিন্ন শ্রেণি-পেশা, অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মানুষের অংশগ্রহণকে ধারণ করে উপস্থাপন করতে হবে।"

​জাদুঘরের উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, আগে সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিহত বাংলাদেশিদের একটি তালিকা, ফেলানী হত্যাকাণ্ডের স্মরণে ভাস্কর্য এবং মোদিবিরোধী আন্দোলনের কিছু স্মৃতিচিত্র ছিল; যা এখন দেখা যাচ্ছে না।

​তিনি আরও বলেন, "গত ১৬ বছরে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়টিও ইতিহাসের অংশ। কিন্তু জাদুঘরের বর্তমান উপস্থাপনায় ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত হত্যা, বিডিআর হত্যাকাণ্ড ও মোদিবিরোধী আন্দোলনের মতো বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পায়নি। এটি দেখে মনে হতে পারে পরিস্থিতি কেবল দেশের অভ্যন্তরীণ বিষয় ছিল, অথচ বিদেশি শক্তিরও ভূমিকা ছিল।"

​জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে কয়েকজন পরিচিত মুখকে কেন্দ্র করে উপস্থাপন না করে নির্যাতন, প্রতিরোধ ও বিস্তারের ধারাবাহিক সময়রেখায় তুলে ধরার আহ্বান জানান তিনি। একইসঙ্গে এই ইতিহাস যেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের দলীয় ইতিহাসে পরিণত না হয়, সে বিষয়ে জোর দেন নাহিদ ইসলাম।