জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেন।

May 28, 2026 - 09:37
 0  4
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
×

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

​রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

​এ ছাড়া প্রধান জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশা ও বয়সের লাখো মুসলমান। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সার্বিক ব্যবস্থাপনায় এই ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছিল।

​নিরাপত্তা ও মুসল্লিদের সুবিধার কথা বিবেচনায় রেখে ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

​নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এ ছাড়া পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জরুরি সেবায় মেডিকেল টিমের সুবিধা রাখা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির সালাত আদায়ের সুব্যবস্থা করা হয়।