সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Jul 6, 2026 - 17:08
 0  3
সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
×

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (৬ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার (বিআরডিবি) কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

​সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সিংড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, পেশাজীবী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

তৃণমূলের অর্থনীতি শক্তিশালী করার আহ্বান:

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

​আলোচনা সভায় বক্তারা বলেন, “একটি দেশের সার্বিক টেকসই উন্নয়ন তৃণমূল ও গ্রামীণ অর্থনীতির মজবুত ভিত্তির ওপর নির্ভরশীল। পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমেই কেবল একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” বক্তারা গ্রামীণ স্তরে উন্নয়ন কর্মকাণ্ডের ধারাকে আরও বেগবান করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপস্থিত অতিথিবৃন্দ:

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন—সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) সভাপতি ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার।

​এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোল-ই আফরোজ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মো. শামীম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) সাবেক সভাপতি আফছার আলী এবং সিংড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।