প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট, বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বগুড়ায় এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।

Aug 4, 2026 - 11:32
Aug 4, 2026 - 11:35
 0  6
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট, বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
×

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, এনসিপির তৎকালীন যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্যসম্বলিত একটি পোস্ট প্রকাশ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, বিষয়টি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর নজরে এলে তারা দলীয়ভাবে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। এরই পরিপ্রেক্ষিতে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে।”

এ বিষয়ে মামলার বাদী ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বগুড়াসহ সারা বাংলাদেশের গর্ব। তিনি দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁকে নিয়ে বিরূপ ও মানহানিকর মন্তব্য আমাদের নেতা-কর্মীদের আহত করে। আমরা এমন অপপ্রচার কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

উল্লেখ্য, ঘটনাটি প্রকাশ্যে আসার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে বহিষ্কার করেছে।