গ্রেফতারের পরদিনই জামিনে মুক্ত হলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে গ্রেফতারের পরদিনই জামিনে মুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ছাত্রদল নেতার করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

May 25, 2026 - 13:55
 0  4
গ্রেফতারের পরদিনই জামিনে মুক্ত হলেন এনসিপি নেতা তারেক রেজা
×

ঝিনাইদহের আলোচিত একটি মামলায় গ্রেফতারের পরদিনই জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

​আজ সোমবার (২৫ মে) সকালে আদালতের মাধ্যমে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

​গত রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তারেক রেজাকে গ্রেফতার করে।

​দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা ওই দিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সেখানে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়। গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

​এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের হয়।

​তিনি আরও জানান, এই মামলার এজাহারনামীয় আসামি হিসেবেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলমান রয়েছে।