প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: শহিদুল করিম

বাংলাদেশে প্রত্যর্পণ না হওয়া এবং বিতর্কিত মন্তব্যের কারণে শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Aug 16, 2026 - 13:32
 0  4
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: শহিদুল করিম
×

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য বর্তমানে উপযুক্ত ও অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

​রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম আনুষ্ঠানিকভাবে সরকারের এই অবস্থানের কথা জানান।

​সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। তবে গত ৫ আগস্ট নতুন দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য ও মতবিনিময়ের কারণে এই সফর আয়োজনের কূটনৈতিক প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।"

​তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত একজন দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি।

​পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করে শহীদুল করিম বলেন, "আমরা এই বিষয়ে বাংলাদেশের স্পষ্ট অবস্থান তুলে ধরেছি। আমরা মনে করি, দুই দেশের শীর্ষ পর্যায়ের এই ধরনের উচ্চপর্যায়ের সফরের জন্য আগে একটি সুন্দর ও অনুকূল রাজনৈতিক পরিবেশ তৈরি করা আবশ্যক। এই লক্ষ্য অর্জনে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে বারেবারে অনুরোধ জানিয়েছি—শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক আসামিদের দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণে যেন তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।"