যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৮ আগস্ট) ভোরে পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. সেলিম মিয়া (৩৫) ও বর্ষাগাতী গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়া। আহতরা হলেন— পৌরসদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী 'অনন্যা পরিবহন'-এর একটি বাস বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক মো. সেলিম মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশায় থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল মিয়া মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


