ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

ফরিদপুরের ভাঙায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।

Aug 2, 2026 - 20:51
 0  5
ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
×

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙায় বেপরোয়া গতির এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিভর্তি খাদে পড়ে গেছে। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

​আজ রোববার (২ আগস্ট ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের খবর, প্রবল বৃষ্টির মধ্যে ঢাকা থেকে বরিশালগামী ‘দশমিনা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি উপজেলার চুমুরদী এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। খবর পেয়ে ভাঙা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ সদস্যেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন।

যাত্রীদের ক্ষোভ ও প্রত্যক্ষদর্শীর বিবরণ

​বাসটিতে থাকা মেহেদী নামের এক যাত্রী আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঢাকা থেকে ছাড়ার পর থেকেই ড্রাইভার গাড়িটি খুব বেপরোয়া গতিতে চালাচ্ছিল। যাত্রীরা বারবার তাকে সাবধানে চালাতে বললেও সে কারো কথা শোনেনি। বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তখন আমি জানালার পাশে ছিলাম। তাৎক্ষণিক জানালার কাচ ভেঙে অলৌকিকভাবে সাঁতরে বের হয়ে আসি। আল্লাহর অশেষ রহমতে আমরা মৃত্যুর মুখ থেকে প্রাণ নিয়ে ফিরেছি।”

ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্য

​ভাঙা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আবু জাফর জানান, “বিকেল ৩টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ার খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।”

​ভাঙা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় আহত ২৫ জনকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।”

​তিনি আরও জানান, প্রবল বৃষ্টি এবং অন্ধকার নেমে আসায় দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। আগামীকাল দিনের আলোতে রেকার এনে বাসটি খাদ থেকে ওপরে তোলার ব্যবস্থা নেওয়া হবে।