শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক ঈদুল আজহা: পীর সাহেব চরমোনাই
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই। শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্য এবং নিরাপদ ঈদযাত্রার আহ্বান তাঁর।
হজরত ইব্রাহিম (আলাইহিস সালাম) নিজের পুত্রকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈদুল আজহার মূল বার্তা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের সবকিছুকে কোরবানি করা, উৎসর্গ করা বা ত্যাগ করা। আমাদের জীবনযাপনের ক্ষেত্রে মহান আল্লাহর ইচ্ছা শরীয়াহ আকারে হাজির আছে। নিজের বুঝ, স্বার্থ ও চিন্তাকে কোরবানি দিয়ে এই শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার সার্থকতা।
বুধবার (২৭ মে) এক বিবৃতিতে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
শুভেচ্ছা বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, ঈদের ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরো নিবিড় করতে হবে। ঢাকায় এবং দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে।
কোরবানিদাতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন:
"যারা কোরবানি দিচ্ছেন তারা গরিব এবং কোরবানি দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশীদের প্রতি বিশেষ নজর রাখবেন। ঈদ একটি ইবাদত। এই ইবাদতের দিনে কোনো গুনাহের কাজ যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।"
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর প্রশাসন, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই যখন ঈদ উদযাপনে ব্যস্ত, তখন আপনারা মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। আপনাদের এই পরিশ্রমের প্রতি জাতির শ্রদ্ধা রইলো।
সবশেষে পীর সাহেব চরমোনাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, "আল্লাহ সকলের কোরবানিকে কবুল করুন। সকলকে নিরাপদে রাখুন—এই প্রত্যাশা ও কামনা করছি।"


